ইরান উপকূলে আটকা পড়া ভারতীয় নাবিকরা বাড়ি ফিরতে চান

পারস্য উপসাগর অঞ্চলের বন্দর, বাণিজ্যিক ও অফশোর জাহাজে প্রায় ২৩ হাজার ভারতীয় নাবিক কাজ করেন। শনিবার (১৪ মার্চ) প্রকাশিত রয়টার্সের খবর জানাচ্ছে, তাদের মধ্যে অনেকেই ইরানের বন্দর ও উপকূলে বিভিন্ন জাহাজে দুই সপ্তাহ ধরে আটকা পড়ে আছেন। এই নাবিকরা এখন যে কোনোভাবে নিরাপদে ভারতে ফিরতে চান।
এদেরই একজন ইরানের বন্দর আব্বাসে জাহাজে আটকা পড়া নাবিক অম্বুজ। রয়টার্সকে তিনি ফোনে জানান, আশপাশের জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে তিনি এবং তার সহকর্মীরা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছেন।
অম্বুজ বলেন, ‘নৌবাহিনীর সহযোগিতা ছাড়া বা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার কতটা বিপদজনক হতে পারে আমরা জানি। কোম্পানি আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এখন আমরা নিরাপদভাবে দেশে ফেরার জন্য অপেক্ষা করছি। অনুমতি পেলে মধ্যপ্রাচ্য বা নিকটবর্তী কোনো স্থানে গিয়ে আমরা ভারতে ফেরার ফ্লাইট ধরব।’
এরই মধ্যে সম্প্রতি ইরানের হামলায় তিনজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এই পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা ভারতের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, আটকা পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ইরানসহ বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছে।