logo

জ্বালানি সংকটে দিল্লিতে বেড়েছে বিরিয়ানির দাম

জ্বালানি সংকটে দিল্লিতে বেড়েছে বিরিয়ানির দাম

দিল্লির জাকিরনগরসহ আশপাশের এলাকায় রমজানের শেষ দিকে সাধারণত রাতভর জমজমাট থাকে বাহারি খাবারের দোকানগুলো। তবে এবার দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন দৃশ্য। গ্যাসের অভাবে বন্ধ রয়েছে এখানকার অধিকাংশ খাবারের দোকান। যাও দু-একটা খোলা, সেগুলোও চলছে সীমিত পরিসরে। 

ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের খবরে বলা হয়, ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে এসব এলাকায় গ্যাস সিলিন্ডারের দাম ছিল প্রায় ১৮০০ রুপি। আর তা এখন বেড়ে ৩৫০০–৪০০০ রুপিতে পৌঁছেছে। এর ফলে ব্যবসায়ীরা খরচ সামলাতে না পেরে খাবারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। আগে ২০০ রুপির বিরিয়ানি এখন বিক্রি হচ্ছে ২৩০–২৫০ রুপিতে। এমনকি দাম বেড়েছে সামোসার মতো সাধারণ খাবারেরও।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কালোবাজারির ফলে এই সংকট তৈরি হয়েছে। এর প্রভাব শুধু দিল্লিতে সীমাবদ্ধ নয়, ভারতের অন্যান্য শহরেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে।

অনেক দোকান মেনু কমিয়ে দিয়েছে। যেসব খাবার বেশি গ্যাস লাগে, সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। কিছু রেস্টুরেন্ট গ্যাসের বদলে কয়লা বা বিকল্প জ্বালানি ব্যবহার শুরু করেছে, আবার কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এমনকি কিছু জায়গায় বিলের সঙ্গে অতিরিক্ত ‘গ্যাস চার্জ’ যোগ করা হচ্ছে।

একটি জরিপ অনুযায়ী, অর্ধেকের বেশি ক্রেতা জানিয়েছেন গত এক সপ্তাহে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে যেমন সাধারণ মানুষের খরচ বেড়েছে, তেমনি ছোট ব্যবসায়ী ও শ্রমিকদের আয়ও অনিশ্চিত হয়ে পড়েছে।