logo

দিল্লিতে ১৫ বছরে প্রথম মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

দিল্লিতে ১৫ বছরে প্রথম মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

বসন্ত ঋতুর বিদায় না হতেই গ্রীষ্মের রুদ্ররূপের আভাস দিচ্ছে প্রকৃতি। গত ১৫ বছরের রেকর্ড ভেঙে মার্চের প্রথম সপ্তাহেই দিল্লির তোপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। শনিবার (৭ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি বেশি।

ভারত আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

আইএমডির তথ্য অনুযায়ী, আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং ১১ মার্চের মধ্যে তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

গত বছর ১৪ মার্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রিতে পৌঁছেছিল। ২০২৪ সালে এটি ঘটেছিল মার্চের শেষ সপ্তাহে, আর ২০২৩ সালে পুরো মার্চজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রির নিচেই ছিল। ২০২২ সালে মার্চের তৃতীয় সপ্তাহে এই সীমা অতিক্রম করেছিল।

আইএমডির সিনিয়র বিজ্ঞানী আর কে জেনামনি বলেন, ২০২১ সালের ১১ মার্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। এবার চার দিন আগেই এই রেকর্ড ছুয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির কারণ

টানা পরিষ্কার আকাশ তাপমাত্রাকে ওপরের দিকে ঠেলে দিয়েছে। গত ২৮ জানুয়ারির শেষ ভারী বৃষ্টির পর থেকে দিল্লি মূলত শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে মাত্র দুবার সামান্য বৃষ্টি হয়েছে। এই অঞ্চলে কোনো সক্রিয় ‘ওয়সটার্ন ডিস্টারব্যান্স’ বা পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব না থাকায় আকাশ সারাক্ষণ পরিষ্কার থাকছে, যা তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করছে।

জেনামনি বলেন, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে ৯ মার্চ থেকে একটি পশ্চিমা ঝঞ্ঝা পাহাড়ি অঞ্চলে বৃষ্টি ঘটাতে পারে। সমতলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ১০ মার্চ বাতাসের গতিপথ পরিবর্তন হয়ে পুবালি হাওয়া বইতে পারে, যার ফলে দিল্লিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, রোববার (৮ মার্চ) থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। বুধবার (১১ মার্চ) এটি ৩৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে। পরবর্তী সাত দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি (৫ দশমিক ১ ডিগ্রি বা তার বেশি) থাকার সম্ভাবনা রয়েছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রেকর্ড করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

এদিকে দিল্লির বাতাসের মান (একিউআই) অবনতি হয়ে ২৪৬-এ পৌঁছেছে, যা খারাপ আবহাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত।