logo

যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি, হামলার হুমকি ট্রাম্পের

যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি, হামলার হুমকি ট্রাম্পের

‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণরূপে পালিত না হওয়া পর্যন্ত মার্কিন সামকির বাহিনী ইরান ও তার আশপাশে অবস্থান করবে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময় ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইরানে পুনরায় কিন্তু আগের তুলনায় অত্যন্ত শক্তিশালী হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই হুমকি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণভাবে মেনে চলা না হলে ইরান ও তার আশপাশে মার্কিন সামরিক বাহিনী অবস্থান করবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী; সেইসঙ্গে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র। এ ছাড়াও ইতোমধ্যে যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুকে প্রাণঘাতীভাবে দমন ও ধ্বংস করার জন্য উপযোগী ও প্রয়োজনীয় সবকিছু।

যে কোনো সময় চুক্তিটি ভেস্তে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, চুক্তিটি অনুসরণ না করার সম্ভাবনা ‘অত্যন্ত কম’। কিন্তু ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো কারণে তা না হয়, তাহলে দুলর্ভ ও আগের তুলনায় অত্যন্ত শক্তিশালী গোলাগুলি শুরু হবে।

টাম্প আরও বলেন, অনেক আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল। কথার ফুলঝুরি বা বিভ্রান্তিকর কথা যতই বলা হোক, মূল কথা হলো—পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখা হবে। আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে ও বিশ্রাম নিচ্ছে। প্রকৃতপক্ষে তারা পরবর্তী সাফল্যের জন্য অপেক্ষা করছে। শেষে ‘আমেরিকা ফিরে এসেছে’ বলে তারা নিজেদের শক্তি ও আত্মবিশ্বাস দেখাতে চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, বুধবার যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, সেই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সমস্ত পণ্যের ওপর ছাড় ছাড়াই তাৎক্ষণিক ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি এই হুমকি দেন।

ট্রাম্প বলেন, ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী যে কোনো দেশের মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা যেকোনো পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এখানে কোনো ছাড় থাকবে না! যদিও তিনি ওই পেস্টে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

সূত্র: বিবিসি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান