logo

ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাড়ছে ক্ষয়ক্ষতি

ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাড়ছে ক্ষয়ক্ষতি

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। গত কয়েক ঘণ্টায় দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মূলত মৃত সাগরের পশ্চিম অংশকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

হামলার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সম্ভবত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফল। একই সময়ে লেবানন সীমান্তঘেঁষা উত্তরাঞ্চলেও সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে বলে জানা গেছে। খবর আলজাজিরা

শুক্রবার (২০ মার্চ) থেকে ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে বারবার এ ধরনের বিমান হামলার সতর্কতা জারি করা হচ্ছে। ফলে দেশের বিস্তীর্ণ এলাকা এর প্রভাবের মধ্যে পড়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার ইরান মোট নয় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে। পাশাপাশি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিক থেকেও হামলা চালানো হয়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হয়েছে। কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে বিভিন্ন স্থানে ক্ষতি করছে। কিছু ক্ষেত্রে ছোট আকারের ক্লাস্টার ধরনের বিস্ফোরক ব্যবহারের কথাও জানা গেছে, যা ভেঙে ছোট ছোট অংশে ছড়িয়ে পড়ে। ফলে ক্ষয়ক্ষতি বড় না হলেও তা অনেক এলাকায় ছড়িয়ে পড়ছে।

শুক্রবারের ঘটনায় সবচেয়ে আলোচিত একটি ঘটনা ছিল পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে যাওয়ার ঘটনা। এটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় ৩৫০ মিটার দূরে পড়ে। বড় ধরনের প্রাণহানি না হলেও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই এলাকার আশপাশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।