মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে বলল ইরান

কুয়েত এবং সৌদি আরবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে।
বুধবার (১২ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কুয়েত সরকারের এক জরুরি বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে তাদের বিমানবাহিনী। আকাশেই সেগুলো ধ্বংস করায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রায় একই সময়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে তিনটি ড্রোন অনুপ্রবেশ করলে সেগুলো গুলি করে নামানো হয়। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে বা কারা পাঠিয়েছে, সে বিষয়ে রিয়াদ এখনও স্পষ্ট কিছু বলেনি।
এদিকে, ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) যুদ্ধের ময়দান থেকে হুমকি ছুঁড়ে দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের হামলায় প্রচুর আমেরিকান সৈন্য নিহত ও আহত হয়েছে।
জোলফাগারি আরও বলেন, শত্রুদের জন্য হরমুজ প্রণালীর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থামবে না।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী এখন ইরানের কঠোর নজরদারিতে। তেহরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, শত্রুপক্ষ বা মার্কিন মিত্রদের কোনো জাহাজ এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দাম নিয়ে নতুন করে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।