logo

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা
এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ভোরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি। ছবি: আনাদোলু এজেন্সি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ভোরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি গোষ্ঠী। স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এডেন নিরাপত্তা বিভাগের মিডিয়া অফিস জানায়, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে স্থানীয় ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো হামলার সময় বিস্ফোরণের দৃশ্য প্রকাশ করে।

এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে লড়াই জোরদার করেছে এবং ‘ডন অব ইয়েমেন’ অভিযান চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সরকারি বাহিনী জানায়, হুতিদের সঙ্গে সংঘর্ষের পর তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়া দখলে নিয়েছে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সোমবার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো রাজধানী সানা পুনর্দখল করা এবং হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা।