logo
Advertisement

ভারতে বিষাক্ত মদপানে ৯ জনের মৃত্যু

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
ভারতে বিষাক্ত মদপানে ৯ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশে বিষাক্ত মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভেজাল বা বিষাক্ত মদপান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমান্তজুড়ে সক্রিয় একটি সন্দেহভাজন মদ চক্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Advertisement

নিহতরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন গ্রামবাসী মদপান করার পর অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা রাতে মদপান করেন। এর কিছুক্ষণ পরই তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিষাক্ত বা ভেজাল মদ পান করাই মৃত্যুর সম্ভাব্য কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মদে বিষক্রিয়ার কারণে এসব মৃত্যু হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত ও অসুস্থ ব্যক্তিরা যে মদপান করেছিলেন, সেটিও পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে মদগুলো কোথা থেকে সরবরাহ করা হয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় অবৈধভাবে তৈরি বা ভেজাল মদ সরবরাহের বিষয়টি সামনে এসেছে। নিহতদের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এবং এর পেছনে কোনো অবৈধ মদ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।

প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি আবগারি বিভাগের কমিশনারও ঘটনাস্থলে যাচ্ছেন।