মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি স্বাক্ষরিত বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়। তিনি বলেন, কেউ যদি ইসরায়েল ছাড়তে চান, তাহলে ‘আজই’ সিদ্ধান্ত নিন।
স্থানীয় সময় সকালে পাঠানো এক ই-মেইলে তিনি পরামর্শ দেন, ওয়াশিংটনে ভ্রমণ অব্যাহত রাখতে চাইলে যে কোনো বিমান সংস্থার টিকিট নিশ্চিত রাখতে। তবে তিনি স্পষ্ট করে লেখেন, ‘প্রথম অগ্রাধিকার হবে দ্রুত দেশ থেকে বেরিয়ে আসা।’ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
হাকাবি একই সঙ্গে আশ্বস্ত করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ কিন্তু যারা যেতে চান, তাদের দেরি না করে দ্রুত পরিকল্পনা করার ওপর জোর দেন তিনি।
এদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
ইরান ইসরায়েলের বিরুদ্ধেও হামলার হুমকি দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মধ্যপ্রাচ্যে আবারও বিস্তৃত আঞ্চলিক সংঘাত শুরু হতে পারে। এখন কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকর হয়, সেটিই দেখার বিষয়। তবে প্রবাসী নাগরিদের জন্য যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা ইরানের সঙ্গে সংঘাত শুরুর আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে।