logo

স্বর্ণ ও রুপা আমদানিতে শুল্ক বাড়াল ভারত

স্বর্ণ ও রুপা আমদানিতে শুল্ক বাড়াল ভারত
ছবি: সংগৃহীত

বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে স্বর্ণ ও রুপা আমদানিতে শুল্ক বাড়িয়েছে ভারত। বুধবার জারি করা সরকারি আদেশ অনুযায়ী, এ দুই ধাতুর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশটিতে স্বর্ণ ও রুপার চাহিদা কমতে পারে। এতে দেশটির বাণিজ্য ঘাটতি কমানো ও দুর্বল হয়ে পড়া রুপির ওপর চাপ কিছুটা কমার আশা করছেন বিশ্লেষকরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণ ও রুপা আমদানিতে ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটির পাশাপাশি ৫ শতাংশ অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (এআইডিসি) আরোপ করা হয়েছে। ফলে কার্যকর আমদানি কর দাঁড়িয়েছে ১৫ শতাংশ।

ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরেন্দ্র মেহতা বলেন, চলতি হিসাবের ঘাটতি কমাতেই সরকার এই শুল্ক বাড়িয়েছে। তবে স্বর্ণ ও রুপার দাম আগেই অনেক বেশি ছিল, তাই এতে চাহিদা আরও কমতে পারে।

গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে এক বছরের জন্য স্বর্ণ কেনা এড়িয়ে চলার আহ্বান জানান। তার ভাষ্য, এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখতে সহায়তা হবে। ভারত তাদের প্রায় পুরো স্বর্ণের চাহিদাই আমদানির মাধ্যমে পূরণ করে।

সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বাড়া এবং শেয়ারবাজারে নেতিবাচক মুনাফার কারণে ভারতে বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে।

গত মাসে ওয়াল্ড গোল্ড কাউন্সিল জানায়, চলতি বছরের মার্চ প্রান্তিকে ভারতের গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৮৬ শতাংশ বেড়ে রেকর্ড ২০ মেট্রিক টনে পৌঁছেছে।

এর আগে, ভারত সরকার স্বর্ণ ও রুপা আমদানিতে ৩ শতাংশ সমন্বিত পণ্য ও সেবা কর (আইজিএসটি) আরোপ করেছিল। এতে ব্যাংকগুলো এক মাসের বেশি সময় আমদানি বন্ধ রেখেছিল। এর প্রভাবে এপ্রিল মাসে দেশটির স্বর্ণ আমদানি প্রায় ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

পরবর্তীতে ব্যাংকগুলো আবার আমদানি শুরু করলেও নতুন শুল্ক বৃদ্ধির কারণে আমদানি আবার কমে যেতে পারে বলে মনে করছেন বুলিয়ন ব্যবসায়ীরা।

একই সঙ্গে শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, বাড়তি শুল্কের কারণে আবারও স্বর্ণ চোরাচালান বাড়তে পারে। মুম্বাইভিত্তিক এক বুলিয়ন ব্যবসায়ী বলেন, বর্তমান বাজারদরে অবৈধভাবে স্বর্ণ আনলে বড় ধরনের মুনাফা করা সম্ভব।