logo

ইরানের সঙ্গে দুই-তিন দিনের মধ্যে চুক্তি: ট্রাম্প

ইরানের সঙ্গে দুই-তিন দিনের মধ্যে চুক্তি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হওয়া সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার একটি চুক্তি এখন থেকে দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে। আমার মনে হয় আলোচনা ভালোভাবে এগোচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) নিউইয়র্কে এনবিএ ফাইনালস খেলা শেষে হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চাইলে খুব সহজেই ইরানে গিয়ে বোমা হামলা করতে পারি। যদি আরও দুই-তিন সপ্তাহ বোমা হামলা চালাই, তাহলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু আপনারা এই প্রণালিটি কয়েক মাসের জন্য খুলতে পারবেন না।

তিনি আরও বলেন, আমরা যদি বোমা হামলা চালাই, তাহলে বহু মানুষ নিহত হবে। কে এমনটা করতে চায়? আমি চাই না। আর আমাদের কাছে একটি স্বাক্ষরিত দলিল থাকবে, যা বোমা হামলার চেয়েও বেশি শক্তিশালী।

ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের সময়ও তেহরানের সঙ্গে আলোচনা বন্ধ হয়নি। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার একটি চুক্তি এখন থেকে দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে। আমার মনে হয় আলোচনা ভালোভাবে এগোচ্ছে।

তিনি বলেন, তারা অনেক দর কষাকষি করছিলেন, এবং এখন আমার মাধ্যমে তারা দুজনেই থামতে সম্মত হয়েছেন। আমরা একটি অত্যন্ত ভালো চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি, যা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ইত্যাদির অনুমতি দেবে না। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাবে, যা দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।

এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কোনো তেল, কোনো অর্থ, কোনো কিছুই এর মধ্য দিয়ে যেতে পারবে না। ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এপ্রিলে মধ্যস্থতায় হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি রোববার এযাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, যখন দেশটিতে আরেকটি যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালায়।

ইসরায়েলি হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্যদিকে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দফা বিমান হামলা চালায়।

সোমবার ভোরে ইরানের সামরিক বাহিনী জানায়, তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করছে, তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তেল আবিবকে ‘চূর্ণবিচূর্ণকারী’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখবে।

সূত্র: আনাদোলু