ইরানের খারগ দ্বীপে ফের হামলার হুমকি ট্রাম্পের

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তেহরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কোনও চুক্তির জন্য প্রস্তুত নন তিনি। হরমুজ প্রণালি বন্ধ করে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তিনি যুদ্ধবিরতির বিষয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা কেবল মজা করার জন্য আরও কয়েকবার খারগ দ্বীপে আঘাত হানতে পারি।’ এর আগে মার্কিন হামলায় দ্বীপটির বেশিরভাগ অংশ ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।
এদিকে রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্রদের আলোচনা করার প্রচেষ্টা ওয়াশিংটন বাতিল করে দিয়েছে। একইসঙ্গে রোববার (১৫ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর আগে, ট্রাম্প বলেছিলেন, তেহরান চুক্তি করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। যদিও তেহরান সেসময় এই দাবি প্রত্যাখ্যান করেছিল। এ ছাড়াও ইরানের নতুন সর্বোচ্চ নেতা গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই দাবিও প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, খামেনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরিচালনায় দিকনির্দেশনা দিচ্ছেন।