logo

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) ইরান দুবার এ ক্ষেপণাস্ত্র হামলা করে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের পক্ষ থেকে একটি  ‘সীমিত ক্ষেপণাস্ত্র হামলার’ কারণে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম এলাকা, দান ব্লক এবং সামারিয়ায় সাইরেন বেজে ওঠে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

রাতের বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার ইসরায়েলি দাবির পর ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা করে। 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।