logo

যুদ্ধবিরতির মধ্যে আরও ১২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

যুদ্ধবিরতির মধ্যে আরও ১২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজা উপত্যকায় নাজুক যুদ্ধবিরতির মধ্যেই আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ এই সহিংসতায় নিহতের তালিকায় শিশুরাও রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। ওয়াফা জানায়, এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে।

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এসব প্রতিবেদন খতিয়ে দেখছে। তবে গাজা উপত্যকায় তারা বিমান হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজা শহরের একটি বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে। ভবনের ভেতরে ও বাইরে এবং আশপাশের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

নিহতদের একজনের স্বজন সামের আল-আতবাশ বলেন, ‘আমরা রাস্তায় আমার তিন ছোট ভাগনিকে পড়ে থাকতে পেয়েছি। সবাই যুদ্ধবিরতির কথা বলছে, কিন্তু ওই শিশুরা কী করেছিল? আমরা কী অপরাধ করেছি?’

দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি গুলিতে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।