কাতারের উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

কাতারের উপকূলে ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটিকেও শনাক্ত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে ।
ক্ষতিগ্রস্ত ট্যাংকার জাহাজটির নাম 'অ্যাকুয়া-১। সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র ইউকেএমটিও জানিয়েছে, রাস লাফানের উত্তরে জাহাজটিতে গোলাবর্ষণ করা হয়। এর ফলে নৌযানটিতে আগুন ধরে যায়।
এরপর পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলোর স্যাটেলাইট ইমেজ এবং অবস্থানগত তথ্যের সঙ্গে আক্রান্ত ট্যাংকারটির বর্ণনার তুলনা করে বিবিসি ভেরিফাই এটিকে শনাক্ত করেছে। অনুসন্ধানে দেখা গেছে, কাতারের রাস লাফান এলাকায় 'অ্যাকুয়া ১'-ই একমাত্র পানামার পতাকাবাহী ট্যাংকার ছিল। ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে আরও দেখা গেছে, আক্রান্ত হওয়ার ঠিক আগমুহূর্তে জাহাজটি তার গতি বাড়িয়েছিল।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, কাতারে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যার মধ্যে একটি ট্যাংকারে আঘাত হানে এবং বাকি দুটি প্রতিহত করা হয়। জাহাজে থাকা ২১ জন ক্রু সদস্যের সবাই সুস্থ আছে।