বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বাংলাদেশের নির্বাচনের উদাহরণ টেনেছেন। তিনি বলেন, আপনারা দেখুন বাংলাদেশ কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। তার এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে।
রাজ্য সচিবালয় নবান্নে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সবাই ভেবেছিল সহিংসতা হবে। কিন্তু, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও, তার নির্বাচন কমিশন ‘হুমকির সংস্কৃতি’ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বরখাস্ত সাত কর্মকর্তার বিষয়ে তার সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তারা কাজ করবে। এ সাত কর্মকর্তা নির্বাচনের কাজ ছাড়াও অন্যান্য কাজ করবে। তারা এ জেলায়ই ভালো কাজ করবে। তাদের বরখাস্ত করা হবে না।
ভারতের নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন—নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের বরখাস্ত করার কারণ কী? তাদের অপরাধ কী? যদি কেউ কিছু ভুল করে থাকে, তাহলে তা রাজ্যকে জানানো যেত।
তিনি আরও বলেন, আমরা কমিশনের নির্দেশাবলী বিনয়ের সঙ্গে অনুসরণ করেছি। কিন্তু শাস্তি দেওয়ার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।