পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

এশিয়া পোস্ট ডেস্ক
পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬
পাকিস্তানের একটি সড়কে বিস্ফোরণের পর সেনা সদস্যরা উপস্থিত হন। পুরনো ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত চার দিনে পৃথক সশস্ত্র হামলায় ৯৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪২ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে ৫৪ সশস্ত্র ব্যক্তি।

বুধবার (৮ জুলাই) এসব তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বেলুচিস্তানের সাম্প্রতিক সহিংসতা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত চার দিনে পৃথক হামলা ও অভিযানে ৪২ জন নিরাপত্তা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত এবং ৫৪ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, প্রথম ঘটনাটি ঘটে ৪ ও ৫ জুলাইয়ের রাতে হান্না উরাক এলাকায়। সেখানে সশস্ত্র ব্যক্তিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন। দ্বিতীয় ঘটনায় সোমবার গভীর রাতে জিয়ারাত জেলার মাঙ্গি বাঁধ এলাকার একটি পুলিশ চেকপোস্টে হামলা হয়।

আইএসপিআরের দাবি, হামলায় প্রথমে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে জিম্মি করে নিয়ে যাওয়া আরও ১৮ পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহত পুলিশের সংখ্যা ২৭ জনে দাঁড়ায়।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। চেকপোস্টের আশপাশে ১৫ জন হামলাকারীর মরদেহ পাওয়া যায় এবং পরবর্তী অভিযানে আরও ১১ জন নিহত হন। জিয়ারাতের পাহাড়ি এলাকায় এখনো অভিযান চলছে বলেও তিনি জানান।

তৃতীয় ঘটনাটি ঘটে বুধবার উইন্ডারের বেলা এলাকায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেখানে সেনাবাহিনীর একটি বহরের ওপর হামলা চালানো হয়। এতে একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা (জেসিও) ও ১০ জন সেনাসদস্য নিহত হন। পাল্টা অভিযানে ১৪ জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়।

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, এ ছাড়া খারান ও ডালবন্দিন এলাকায় পৃথক অভিযানে আরও ১৪ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন আইএসপিআর প্রধান। সব মিলিয়ে গত চার দিনে চারজন বেসামরিক নাগরিক, ২৭ জন পুলিশ সদস্য এবং ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে ৫৪ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং ভারতের সমর্থনপুষ্ট বলে অভিযুক্ত কিছু গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।