ইরানের সহায়তায় যুদ্ধ ড্রোন তৈরি করবে মালয়েশিয়া

নিজস্ব সক্ষমতা বাড়াতে নিজস্ব কমব্যাট ড্রোন বা মনুষ্যবিহীন যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। ড্রোন তৈরির লক্ষ্যে ন্যাশনাল কমব্যাট আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস) প্রকল্পের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরডিন।
তিনি বলেন, স্থানীয় সক্ষমতা, বিদেশি প্রযুক্তি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ড্রোন প্রযুক্তিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান, যা মালয়েশিয়ার কৌশলগত সক্ষমতা উন্নয়নে গতি আনতে পারে।
মন্ত্রী আরও জানান, এই উদ্যোগটি ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি পলিসির (ডিআইপিএন) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হলো বিদেশি নির্ভরতা কমানো, স্থানীয় গবেষণা ও উন্নয়ন শক্তিশালী করা, প্রযুক্তি স্থানান্তর বাড়ানো এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা।
তিনি জোর দিয়ে বলেন, মালয়েশিয়া আর শুধু প্রযুক্তির ভোক্তা হয়ে থাকতে পারে না। এখন সময় নিজস্ব প্রযুক্তি উন্নয়ন, মালিকানা ও উদ্ভাবনের।
এর আগে, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার (ইউটিএম) একটি প্রতিনিধিদল প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ইউএএস প্রকল্পের ওপর বিস্তারিত ব্রিফিং প্রদান করে।