logo
Advertisement

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ করছে চীন

এএফপি
এএফপি
নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ করছে চীন
বেইজিংয়ে ড্রোন রাখা, সংরক্ষণ এবং অনুমতি ছাড়া আকাশে ওড়ানো নিষিদ্ধ হতে যাচ্ছে। ছবি: সিনহুয়া নিউজ এজেন্সি

চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোনের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন বিধিমালা কার্যকর হলে শহরটিতে ড্রোন রাখা, সংরক্ষণ এবং অনুমতি ছাড়া আকাশে ওড়ানো নিষিদ্ধ হবে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঘোষিত নতুন নিয়মে বেইজিংয়ে মানববিহীন আকাশযান বা ইউএভি রাখা নিষিদ্ধ করার পাশাপাশি ড্রোন কিংবা এর যন্ত্রাংশ শহরে নিয়ে আসার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই শহরে আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হলো। গত জুনে একটি ছোট বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হলে পাইলট নিহত এবং ১৩ জন আহত হন। নতুন বিধিমালায় রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে মে মাসে বেইজিংয়ে ড্রোন বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। তবে নিবন্ধনের মাধ্যমে মালিকদের নিজেদের ড্রোন রাখার অনুমতি ছিল। এবার সেই সুযোগও থাকছে না।

নতুন নিয়ম অনুযায়ী, ড্রোনের মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের ড্রোন নষ্ট করতে হবে অথবা বেইজিংয়ের বাইরে সরিয়ে নিতে হবে। নির্দেশনা না মানলে ড্রোন জব্দের পাশাপাশি জরিমানাও করা হতে পারে।

ড্রোন মালিকদের জন্য কিছু সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। কর্তৃপক্ষ ড্রোন বাতিল করে দেওয়ার ক্ষেত্রে ভর্তুকি দেবে এবং বাই-ব্যাক কর্মসূচির মাধ্যমে সেগুলো বিক্রির সুযোগ থাকবে। এ ছাড়া বিনা খরচে ডাকযোগে ড্রোন বেইজিংয়ের বাইরে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

বেইজিংয়ের আকাশসীমায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে ইতোমধ্যেই কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নতুন বিধিমালাতেও এই নিয়ন্ত্রণ বহাল থাকছে।

তবে সন্ত্রাসবিরোধী অভিযান, কৃষিকাজ, দুর্যোগ মোকাবিলা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বিশেষ প্রয়োজনে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।