কিউবায় বিরল প্রজাতির ৪ বেঙ্গল টাইগারের জন্ম

এশিয়া পোস্ট ডেস্ক
কিউবায় বিরল প্রজাতির ৪ বেঙ্গল টাইগারের জন্ম
বেঙ্গল টাইগারের শাবক। ছবি: সংগৃহীত

তীব্র অর্থনৈতিক সংকট, জ্বালানি ও ওষুধের অভাব এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের মাঝেই কিউবার জাতীয় চিড়িয়াখানায় জন্ম নিয়েছে চারটি বিলুপ্তপ্রায় বেঙ্গল টাইগারের শাবক। শাবক চারটির মধ্যে একটি বিরল প্রজাতির ‘হোয়াইট টাইগার’ বা সাদা বাঘ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, কিউবার মাটিতে সাদা বাঘের জন্ম নেওয়ার ঘটনা এটি মাত্র দ্বিতীয়বার।

চিড়িয়াখানার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞ কিপার আনহেল কর্ডেরো বলেন, ‘এতসব অন্তহীন সমস্যা ও চরম দাবদাহের মধ্যেও এই সুন্দর শাবকগুলোর জন্ম আমাদের পুরো দলের ক্লান্তি দূর করে দিয়েছে। আমি নিজেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত।’

বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটের কারণে ৩৭৫ হেক্টরের বিশাল এই চিড়িয়াখানাটি পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় ১ হাজার প্রাণীর খাবার ও রক্ষণাবেক্ষণের কাজে যেখানে ২০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে মিলছে মাত্র ৫ লিটার। ফলে চিড়িয়াখানার কর্মীরা এখন মোটরযানের বদলে ঘোড়ার গাড়ি ও বৈদ্যুতিক ট্রাইসাইকেলে করে পশুপাখিদের খাবার পৌঁছে দিচ্ছেন।

চিড়িয়াখানার পরিচালক হুয়ান কার্লোস সান্তোস জানান, এত বড় সংকটের পরও কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কিছু বেসরকারি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহায়তায় চিড়িয়াখানার প্রাণীদের টিকিয়ে রাখা সম্ভব হয়েছে।

সম্প্রতি কিউবার অর্থনীতিতে মুক্তবাজার মডেলের সংস্কারে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা বাস্তবায়িত হলে চিড়িয়াখানাটিতে বিদেশি বিনিয়োগ ও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা।