logo
Advertisement

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী

এশিয়া পোস্ট ডেস্ক
৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী
চিকিৎসক স্ত্রীর চেম্বারে রোগী বেশে হাজির হলেন প্রবাসে থাকা স্বামী। ছবি : সংগৃহীত

প্রতিদিনের মতো এক ব্যস্ত নারী চিকিৎসক রোগী দেখছিলেন তার চেম্বারে। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী ভেতরে ঢুকলেন। চিকিৎসকের দিকে এগিয়ে দিলেন নিজের কাগজপত্র। কিন্তু কাগজপত্র ঘেঁটে চিকিৎসক কিছু্ই বুঝতে পারছেন না। তিনি দেখলেন পাসপোর্ট, বোর্ডিং পাস ও টিকিট। দেখেন বোর্ডিং পাসে স্বামীর নাম লেখা। সন্দেহ হতেই তিনি মুখ তুলে তাকান। তখনই তার জন্য সেরা চমকটা অপেক্ষা করছে।

Advertisement

যুবকটি যখন মাস্ক খুলে ফেলেন। দেখলেন, ছয় বছর ধরে যাকে শুধু ডিভাইসের স্ক্রিনে দেখে আসছেন, সেই প্রিয়তম স্বামী শারীরিকভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে ঝড়িয়ে ধরেন স্বামীকে। ডুকরে কেঁদে ওঠেন দুজন। তাদের এই মিলন যেন সিনেমার গল্পকেও হার মানায়। এমন দৃশ্য দেখে নেট-দুনিয়াও ভাসল আবেগে।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। সেখানকার একজন তার এক্স হ্যান্ডেলে ৩০ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দাবি করা হয়, ছয় বছর পর স্ত্রীকে সারপ্রাইজ দিতেই তার চেম্বারে রোগীর ছদ্মবেশে হাজির হলেন প্রবাসী স্বামী। তবে ভাইরাল হলেও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রবাসজীবন মানেই যেন কষ্ট, যন্ত্রণা ও দীর্ঘ অপেক্ষার। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি হতে থাকে। তখন একেকটি দিনও যেন এক বছরের মতো মনে হয় দুজনের কাছে। তাই ভিন্ন দেশে বসবাসকারী দম্পতিদের জন্য এই সময়টা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই দম্পতির গল্পেও তেমনটা উঠে এল।

ভিডিওর সূত্র ধরে কলকাতার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ‘নারী চিকিৎসক তার কেবিনে বসে রয়েছেন। এমন সময় মাস্ক পরা অবস্থায় রোগী সেজে যুকব সেখানে উপস্থিত হন। মেডিক্যাল রিপোর্টের পরিবর্তে চিকিৎসককে নিজের পাসপোর্ট, বোর্ডিং পাস দেখান তিনি। প্রথমে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি কেন আমার ভিডিও করছেন?’ পরে যখন তিনি বোর্ডিং পাস ও টিকিট দেখেন, তখন অবাক হয়ে যান। বাকরুদ্ধ হয়ে যান তিনি। এরপর সংবিৎ ফিরতে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখেন। যুবকও তার মুখের মাস্ক সরান। সঙ্গে সঙ্গেই ওই চিকিৎসক আনন্দে লাফিয়ে উঠে গিয়ে যুবককে জড়িয়ে ধরেন। যুবকও চিকিৎসককে জড়িয়ে ধরেন।’

আনন্দবাজার বলছে, ভিডিওতে যুবক ও মহিলা চিকিৎসককে স্বামী ও স্ত্রী হিসাবে দাবি করা হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেরই চোখে জল চলে এসেছে বলে জানায়। এ সময় তারা নানা ধরনের আবেগময় প্রতিক্রিয়া জানান।

প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাহুল_বাবু_১এম_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিওটি। ইতোমধ্যে লাখ লাখবার দেখা হয়েছে সেটি। হৃদয়গ্রাহী এই মুহূর্তটি নিয়ে লাইক ও কমেন্টের বন্যাও বয়ে গেছে।

ভিডিওটি দেখে নেটিজেনরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারে না।’

অন্য একজন লিখেছেন, ‘ভিডিওটি দেখে আমার চোখে জল চলে এল।’ আরেকজন বললেন, ‘কী দারুণ দৃশ্য! আমার মন আনন্দে ভরে গেল।’