logo

সময় বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

সময় বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি
লেবাননের পতাকা (বামে) ও ইসরায়েলের পতাকা (ডানে) ছবি : সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা ছিল খুবই ফলপ্রসূ এবং এর ফল হিসেবেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। তথ্য রয়টার্স

এর আগে গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও ৪৫ দিন বহাল থাকবে।

গত ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়। টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

সংঘাতের সময় দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন লাখো মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যারা সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

যুদ্ধবিরতি চলাকালেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন হামলার অভিযোগ উঠেছে। তবে নতুন এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে পরিস্থিতি শান্ত করার কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনের এই সংলাপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আরও একটি কারণে। কয়েক দশক পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি যোগাযোগের পথ তৈরি হয়েছে এই বৈঠকের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুই দেশের জন্য একটি নতুন নিরাপত্তা লাইন প্রস্তাব করা হবে। এরপর জুনের শুরুতে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসতে পারেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।