logo

নোবেল পুরস্কার নয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চান বিলাওয়াল

নোবেল পুরস্কার নয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চান বিলাওয়াল

মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে ইরান-মার্কিন আলোচনার তাগিদ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা সফল হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য। এই মুহূর্তে কোনো নোবেল পুরস্কার নয়, বরং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠাই তার প্রধান অগ্রাধিকার।

শনিবার (১১ এপ্রিল) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

বিলাওয়াল ভুট্টো বলেন, এখানে বিকল্প কোনো ব্যবস্থার সুযোগ নেই। অবশ্যই এ ইরান-মার্কিন আলোচনার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে হবে।

সম্প্রতি একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, এক মাসের দীর্ঘ প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধের পরিণতি পুরো বিশ্বের জন্য বিধ্বংসী হতে পারে।

ছয় সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলি বিমান হামলা স্থগিত করে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপরই পাকিস্তানের মধ্যস্থতায় এই ইরান-মার্কিন আলোচনা শুরু হয়।

পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক এই সংঘাতের ফলে অসংখ্য মানুষ মারা গেছে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলাওয়াল জানান, ইরানের ১০ দফা ফর্মুলাকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে কিছু পয়েন্টে এখনও মতপার্থক্য রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, ইরানে বোমাবর্ষণ এবং সংশ্লিষ্ট অঞ্চলে প্রতিশোধমূলক পাল্টা হামলা বর্তমানে বন্ধ রয়েছে। পাকিস্তান আশা করছে, এই আলোচনার মাধ্যমে দেশ দুটির মধ্যকার আস্থার সংকট দূর করা সম্ভব হবে।

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সংক্রান্ত গুজব ও প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, এই মুহূর্তে কোনো পুরস্কার নয়, বরং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠাই তার প্রধান অগ্রাধিকার।