সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কী কথা বললেন পুতিন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি সৌদি প্রধানমন্ত্রীর কাছে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এ খবর জানিয়েছে আলজাজিরা।
বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষই দ্রুত যুদ্ধবিরতি ও সংঘাতের একটি দীর্ঘমেয়াদি সমাধান অর্জনের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।’
মধ্যপ্রাচ্য সংকট এবং ওপেক+-এর অভ্যন্তরীণ সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্রমশ অবনতি হওয়া সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি, বেসামরিক হতাহতের ঘটনা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।’
দুই সরকারপ্রধান আরও জোর দিয়ে বলেছেন, ‘এই সংকটের ফলে সৃষ্ট জ্বালানি উৎপাদন ও পরিবহনের সমস্যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।’
২০২২ সালের ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। সে থেকে মস্কোর হামলা প্রতিহত করে আসছে তারা। তবে এমন সময় ক্রেমলিন ও রিয়াদের দুই নেতার মধ্যে ফোনালাপ হলো যখন ইউক্রেন সৌদি আরবের সঙ্গে আকাশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
উপসাগরীয় এই দেশটি ইরানের ড্রোন হামলা মোকাবিলা করছে।
কিয়েভ রাশিয়ার ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আরব দেশগুলোকে সাহায্য করতে চেয়েছে। কারণ এই দেশগুলো ইরানের নকশার শাহেদ ড্রোনে আক্রান্ত হচ্ছে। রাশিয়াও ইউক্রেনে এই মডেলের ড্রোন দিয়ে হামলা চালায়।