ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

এশিয়া পোস্ট ডেস্ক
ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একদল সশস্ত্র সদস্য। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় নারকীয় গণহত্যা চালানো ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করায় এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গাজা উপত্যকায় কাজ করছিল ৪৭ বছর বয়সি ওই ব্যক্তি। গোয়েন্দা এজেন্ট হয়ে ‘এমএম’ কোড নামে কাজ করছিলেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আল-আওসাত।

প্রতিবেদনে হামাস-সমর্থিত ‘রেজিস্ট্যান্স সিকিউরিটি’র বুধবারের এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে ‘এমএম’ নামে পরিচিত ৪৭ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, এমএমের দেওয়া তথ্যের কারণে ইজ্জ আল-দিন আল-কাসাম ব্রিগেডের সাবেক কমান্ডার ইজ্জ আল-দিন হাদ্দাদসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন।

হামাসের একটি সূত্র আশার্ক আল-আওসাতকে জানায়, গত মে মাসে হাদ্দাদ নিহত হওয়ার পর এমএমকে গ্রেপ্তার করা হয়। কারণ, তাকে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গিয়েছিল। হাদ্দাদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে এমএমকে গাজার আল-শিফা হাসপাতালে দেখা গিয়েছিল।

হামাসের দাবি, গ্রেপ্তারের পর এমএম অভিযোগ স্বীকার করেন ও হাদ্দাদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথাও জানান। পাশাপাশি তিনি এমন তথ্য ইসরায়েলকে সরবরাহ করার কথা স্বীকার করেন, যার ফলে গাজায় প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নজরদারির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।