নিজেদের আকাশপথ খুলে দিলো ইরান

ইরান তাদের আকাশপথ আংশিক উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) থেকে দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন থেকে ইরানের আকাশসীমার পূর্বাঞ্চল ব্যবহার করে যাতায়াত করতে পারবে।
গণমাধ্যমটি আরও জানায়, সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের কারিগরি ও অপারেশনাল প্রস্তুতির ওপর ভিত্তি করে সারা দেশের বিমানবন্দরগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে, যাতে সাধারণ যাত্রীদের জন্য পুনরায় বিমান পরিষেবা চালু করা যায়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় এপ্রিল পর্যন্ত ২২১ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর জবাবে ইরানও ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল।