logo

ইসরায়েল আক্রমণের হুমকি দিলেন এরদোয়ান

ইসরায়েল আক্রমণের হুমকি দিলেন এরদোয়ান

ইরানের সঙ্গে ‍যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই হুমকি দেন তিনি।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হতে থাকলে তার দেশ ‘ইসরায়েলকে তার জায়গা দেখিয়ে দেবে’।

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার আলোচনা ব্যর্থ হতে থাকলে তুরস্ক ‘ইসরায়েলকে তার জায়গা দেখিয়ে দেবে’।

তিনি বলেন, ৪০ দিনের সংঘাতের পরে যুদ্ধবিরতির মধ্যেও শত শত লেবানিজ মানুষকে নির্বিচারে হত্যা করছে দখলদার ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে পাকিস্তান মধ্যস্থতা না করলে আমরা ইসরায়েলকে তার জায়গা দেখিয়ে দিতাম।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, সেভাবেই ইসরায়েলেও প্রবেশ করতে পারি। এটা না করার কোনো কারণ নেই। এর জন্য শক্তি ও ঐক্যের প্রয়োজন হবে।

দেশের পূর্বাঞ্চলে এরদোয়ান কুর্দিদের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে গতকাল নেতানিয়াহুর দাবির পর এই আক্রমণ করলেন তিনি। তেল আবিবের জবাবে ইস্তাম্বুল বলেছে, সবাই জানে যে তার কোনো নৈতিক মূল্যবোধ নেই বা কাউকে উপদেশ দেওয়ার মতো কোনো বৈধতাও নেই।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের যোগাযোগ প্রধান বুরহানেত্তিন দুরান তার এক্সে বলেন, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়েছেন। এই অঞ্চলের সাতটি দেশে হামলা করেছেন। তিনি মরিয়া হয়ে আমাদের প্রেসিডেন্টকে (এরদোয়ান) লক্ষ্যবস্তু করার দুঃসাহস দেখাচ্ছেন।

তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতা আকড়ে ধরে রাখতে এমন নীতি গ্রহণ করেছেন, যেগুলো সমগ্র অঞ্চলকে অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে আজ হোক বা কাল হোক জবাবদিহি করতে হবে।

ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্বের জন্য নিপীড়কদের বিরুদ্ধে লড়াই করতে আঙ্কারার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন দুরান।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করে। এতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১ লাখ ৭২ হাজার জন আহত ও উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।