ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহ ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে চালিয়েছে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (৩ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে পৃথক এ হামলার তথ্য জানা গেছে।
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে মঙ্গলবার ভোরে ড্রোন হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা ভোরে একঝাঁক ড্রোন মোতায়েন করে বিমান ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণকক্ষে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশকিছু এলাকায় ইসরায়েলের ব্যাপক হামলার প্রতিশোধ হিসেবে তারা এই পাল্টা-হামলা চালিয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ধ্বংস করেছে। একইসঙ্গে হামলার ফলে ঘাঁটির জ্বালানি ট্যাংকগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরানের হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।