logo

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় আইআরজিসির ১৯ বারের মতো হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় আইআরজিসির ১৯ বারের মতো হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ১৯ বারের মতো হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এবং আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য দিয়েছে আল-জাজিরা।

আইআরজিসি তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ-৪’। আইআরজিসিকে উদ্ধৃত করে তাসনিম নিউজ জানিয়েছে, সর্বশেষ হামলায় ইসরায়েল ও ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই এই হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ অন্তত ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যার পর গত রোববার থেকে হামলার তীব্রতা ব্যাপকভাবে বাড়িয়েছে তেহরান। সৌদি আবর, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথ হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে ইরানের প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনেই ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছায়। সেই সংঘাতই ভিত গড়ে দেয় এবারের যুদ্ধের।