রাজা চার্লসের ভাইকে গ্রেপ্তারের পর মুক্তি, তবে চলবে তদন্ত

এপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে গ্রেপ্তারের পর মুক্তি দেওয়া হয়েছে। সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, তারা নরফোক থেকে ৬০ বছর বয়সি একজনকে (অ্যান্ড্রু) গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের ঠিকানাগুলোতে তল্লাশি চালাচ্ছে।
অ্যান্ড্রুর গ্রেপ্তারের বিষয়ে তার ভাই রাজা তৃতীয় চার্লস বলেছেন, আইন অবশ্যই তার নিজস্ব গতিতে চলবে। ব্রিটিশ পুলিশকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, তারা যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগ তদন্তের কথা বিবেচনা করছে। এ ছাড়া তাদের গোপন তথ্য লেনদেনের অভিযোগ পর্যালোচনা করছে।
সম্প্রতি মার্কিন সরকার জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট ফাইল প্রকাশ করেছে। তাতে এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর যোগাযোগের বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তদন্তের অধীনে অ্যান্ড্রুকে ছেড়ে দেওয়া হয়েছে। নরফোকে তাদের তল্লাশিও শেষ হয়েছে বলে জানানো হয়।
তখন আইলসহ্যাম থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক রাজপুত্র অ্যান্ড্রুকে গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখা গেছে।
এবার প্রথমবারের মতো রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি কোনো অন্যায় কাজ করেননি বলে দাবি করেছেন।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত পর্যালোচনা করার পর এখন একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
এর আগে পুলিশ দাবি করে, ২০১০ সালে এপস্টেইন আরেকজন নারীকে অ্যান্ড্রুর সাথে যৌন সম্পর্কের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। তার বয়স ২০ এবং তিনি ব্রিটিশ নাগরিক নন।