ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্প কী বললেন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মন্তব্য করেছেন। তিনি জানান, ২০২৫ সালের সামরিক অচলাবস্থার সময় ভারত ও পাকিস্তানের মধ্যে তিনি মধ্যস্থতা করেছিলেন। এ সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন—যদি এ দু’দেশ যুদ্ধ বন্ধ না করে, তবে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর ওপর ২০০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হবে।
যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল পুনর্নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিস (শান্তি বোর্ড) সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে।
বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ১১টি জেট বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ দাবি অস্বীকার করেছে ভারত। দেশটি গত বছরের মে মাসে সামরিক সংঘর্ষের সময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা বিমানের ক্ষতি সম্পর্কে সমস্ত দাবি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিস সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যোগ দিয়েছিলেন। ওই সভায়ই ট্রাম্প তার মধ্যস্থতার দক্ষতা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তিনি শাহবাজ শরিফকে দাঁড়াতে বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান এবং ভারত (যুদ্ধ) ছিল একটি বড় বিষয়। আমার মনে হয় তোমার (শরীফের) আসলেই দাঁড়ানো উচিত। দয়া করে এসো এবং এক সেকেন্ডের জন্য দাঁড়াও।
ট্রাম্প বলেন, শাহবাজ শরিফ দাবি করেছেন যে ট্রাম্প নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ‘২৫ মিলিয়ন (আড়াই কোটি) জীবন’ বাঁচিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হ্যাঁ, আমি এটা বলেছিলাম। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারতো। কারণ, এটা খুবই মারাত্মক যুদ্ধ ছিল।
তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা করে এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।

