ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু বেড়ে ৭৫ হাজার

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫ হাজার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
তবে বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালে প্রকাশিত স্বাধীন গবেষণা অনুসারে, গাজায় ইসরায়েলি সহিংসতায় ২০২৫ সালের প্রথম দিকে ৭৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।
বৈজ্ঞানিক গবেষণাপত্রের ফলাফলগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক রেকর্ডগুলোতে অতিরিক্ত কোনো গণনা বা মৃত্যুর তথ্য নেই। তারা ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা যথেষ্ট কম ধরে হিসাব কষেছেন।
দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত গাজায় ৭৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এসব মৃত্যুর সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৩.৪ শতাংশ।
এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত ৪৯ হাজার ৯০ জন ফিলিস্তিনির মৃত্যুর সংখ্যা থেকেও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৭১ হাজার ৬৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৪৮৮ জন নিহত হয়েছেন।
ইসরায়েল সরকার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে হামাসের সঙ্গে যুদ্ধের সময় গাজায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন।