ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ এবং প্রস্থানকারী সব ধরনের সামুদ্রিক যান চলাচলের ওপর আর কোনো অবরোধ নেই বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী এখন থেকে আরব উপসাগর (পারস্য উপসাগর) এবং ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজের চলাচলে কোনো বাধা দিচ্ছে না।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার সব দিক যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো অঞ্চলটিতে অবস্থান অব্যাহত রাখবে।
তবে, মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে- তবে তাদেরকেও অন্য সবার মতোই এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের ওপর আবারও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে।
এর আগে একাধিক ইরানি তেলবাহী ট্যাংকার মার্কিন নৌবাহিনীর কথিত অবরোধ রেখা অতিক্রম করে নিরাপদে চলাচল করেছে বলে বিভিন্ন সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে ইরানি বন্দরগামী বা সেখান থেকে আসা বাণিজ্যিক জাহাজের যাতায়াতে তারা আর কোনো বাধা সৃষ্টি করবে না



