logo

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ভবন ধস, নিহত ২

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ভবন ধস, নিহত ২

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফাতে ইরানের ছোঁড়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। রোববার (৫ এপ্রিল) বিকেলের এই হামলায় সাত তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও ফার্স্ট পোস্ট।

ইসরায়েলি সামরিক বাহিনী ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি সাত তলা ভবনে আঘাত হানে, যার ফলে কাঠামোর একাংশ ধসে পড়ে। প্রথম দিকে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরে দুইজন জন নিহত ও আরও দুই জন নিখোঁজ থাকার তথ্য দিয়েছে আলজাজিরা। ফায়ার সার্ভিস কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সময় রোববার বিকেল ৩টার দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ শনাক্ত করার পরপরই এই হামলা ঘটে। সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ‘সরাসরি আঘাতে’ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চ্যানেল ১২ ব্রডকাস্টারের প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের সর্বশেষ হামলায় ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে একটি ফ্র্যাগমেন্টিং ওয়ারহেড (বিস্ফোরক খণ্ডযুক্ত) সজ্জিত ক্ষেপণাস্ত্রও ছিল। এই হামলাগুলো তিন দফায় চালানো হয়। এর ফলে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। 

ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিসেবার বরাতে জানা গেছে, ৯০ বছর বয়সি এমন বৃদ্ধা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা ‘শঙ্কাজনক’।