logo

তীব্র শীত ও তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

তীব্র শীত ও তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

শীতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায়। এসব অঞ্চলে কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষের ওপর। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে কয়েকজন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়। ভয়াবহ ঠান্ডায় দীর্ঘ সময় কাটালে তীব্র কাঁপুনি, পানিশূন্যতাসহ অন্য যেসব শারীরিক উপসর্গ দেখা দেয়— সেসব উপসর্গের সমষ্টিকে হাইপোথার্মিয়া বলে।

তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির দুই তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরো তুষারস্তরের নিচে চাপা পড়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।