logo

আরাঘচি ইসলামাবাদ ফিরলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতই থাকছে

আরাঘচি ইসলামাবাদ ফিরলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতই থাকছে

পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা করতে যাওয়ার পর আকস্মিক তেহরানে ফিরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশে ফোরার এক দিন পর আবারও রোববার (২৬ এপ্রিল) রাতে ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে আরাঘচির। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আপাতত স্থগিতই থাকছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ইসলামাবাদ সফরে যাওয়া এই প্রতিনিধিদল যুদ্ধ নিরসনের বিভিন্ন ইস্যু নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা আজ (রোববার) রাতেই আবার আরাঘচির সঙ্গে যোগ দেবে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমেরিকার বর্তমান অবস্থানকে ইরান ‘চরমপন্থী’ বলে মনে করছে। অন্যদিকে, তেহরানের পক্ষ থেকে এমন কিছু দাবি উত্থাপন করা হয়েছে যা ওয়াশিংটনের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। এই দ্বিমুখী অনড় অবস্থানের কারণে আলোচনার টেবিলে বসার পরিবেশ এখনও তৈরি হয়নি।

তবে সরাসরি বৈঠক না হলেও আশার আলো এখনই নিভে যাচ্ছে না। পাকিস্তান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সমঝোতা তৈরির প্রচেষ্টা বা মধ্যস্থতা চালিয়ে যেতে বদ্ধপরিকর। ইসলামাবাদ পৌঁছে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আরাঘচির পরবর্তী পদক্ষেপ নিয়ে আরও এক দফা আলোচনার কথা রয়েছে।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে। আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলটি এ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরাঘচির আবার ইসলাবাদ সফরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে যে, এই কূটনৈতিক জটিলতা নিরসনে নতুন কোনো মোড় আসছে কি না।