আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েলি বাহিনী

এশিয়া পোস্ট ডেস্ক
আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েলি বাহিনী
ঐতিহাসিক আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ হুসেন। ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে আগামী এক সপ্তাহ মসজিদ প্রাঙ্গণে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ শেষ করার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গ্র্যান্ড মুফতিকে আটক করে। নামাজ শেষে মসজিদ চত্বর থেকে বের হওয়ার সময় তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

আটকের পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তার প্রবেশাধিকারে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াফার প্রতিবেদনে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে তীব্র উত্তেজনার মধ্যেই এই আটকের ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে জিজ্ঞাসাবাদের জন্য অধিকৃত জেরুজালেমের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে।

এর আগে ২০২৫ সালেও গাজা উপত্যকায় ইসরায়েলের ‘ক্ষুধার্ত করার নীতি’ বা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বিরুদ্ধে জুমার খুতবায় জোরালো বক্তব্য দেওয়ায় তাকে আটক করা হয়েছিল।

সে সময়ও প্রথমে এক সপ্তাহ এবং পরবর্তী সময়ে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত ১ জুলাই ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুনরায় জোরপূর্বক প্রবেশ করে একদল ইসরায়েলি দখলদার। ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তারা একপ্রকার হামলা চালিয়েছে এই পবিত্র স্থানে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, বুধবার কয়েক ডজন কট্টরপন্থী ইসরায়েলি দখলদার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মসজিদের চারপাশের চত্বরগুলো ঘুরে বেড়ায় এবং সেখানে উস্কানিমূলকভাবে তাদের ধর্মীয় ‘তালমুদীয়’ আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সম্পন্ন করে। এ সময় দখলদারদের সার্বিক নিরাপত্তা ও পাহারা দেয় ইসরায়েলি পুলিশ।