logo

ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আইএসআই ও বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আইএসআই ও বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

লস্করসংশ্লিষ্ট সন্ত্রাসী দলের সন্ধান পেয়েছে ভারত। এ ঘটনায় আটজন গ্রেপ্তার হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি), পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং বাংলাদেশের চরমপন্থি সংগঠনগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বড় সন্ত্রাসী দলের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। এরপর সমন্বিত অভিযানে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে আট সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে বিদেশি চরমপন্থিদের নির্দেশে এই উগ্রবাদী দলটি ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

রোববার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল নামে ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক, যারা তাদের পরিচয় গোপন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করছিল বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ভারতীয় সূত্রগুলোর দাবি, উগ্রবাদী দলটি এলইটির সঙ্গে যুক্ত। এ দলটি বর্তমানে বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ কর্মরত একজন কাশ্মীরি এ উগ্রবাদী দলটির পরিচালক। ধারণা করা হচ্ছে, এ ব্যক্তি পাকিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ পেয়েছে। গ্রেপ্তারকৃত আটজন সন্দেহভাজন এ কাশ্মীরির নির্দেশে কাজ করছিল।