ইসরায়েল-মার্কিন নজরদারি এড়াতে ইরানের ‘নকল যুদ্ধ সরঞ্জাম’ কেনার খবর

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলা ও নজরদারি এড়াতে নতুন এক কৌশল নিয়েছে ইরান। দেশটি চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ‘নকল যুদ্ধ সরঞ্জাম’ সংগ্রহ করছে বলে দাবি করা হয়েছে। রোববার (৮ মার্চ) স্টেট মিডিয়ার রিপোর্টের বরাত দিয়ে এমন খবর প্রচার করেছে পাকিস্তান ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সংগ্রহ করা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে নকল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক। মূলত শত্রুপক্ষের রাডার ও গোয়েন্দা নজরদারিকে ধোঁকা দিতেই এই কৃত্রিম সামরিক সজ্জার আশ্রয় নিচ্ছে ইরান।
তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া অনেক ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্যাক্ট-চেকাররা। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।