আসামে ট্রাকের পেছনে বিএসএফের বাসের ধাক্কা, আহত ৩২ জওয়ান; নিহত চালক

ভারতের আসামে জাতীয় সড়কে ট্রাকের পেছনে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বহনকারী একটি বাসের ধাক্কায় ৩২ জন জওয়ান আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।
ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলার হাউলিতে জাতীয় সড়ক-২৭-এ এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী দায়িত্ব পালন শেষে বিএসএফ সদস্যদের নিয়ে বাসটি ধুবড়ির দিকে যাচ্ছিল। পথে হাউলির কাছে বাসটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় আহত ৩২ জন বিএসএফ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বরপেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে (বিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় নিহত বাসচালকের নাম শামসুল হক (৪২)। তিনি গোয়ালপাড়া জেলার শিমলিটোলার গড়ইমারির বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
