logo

বাহরাইনে পাঁচ প্রভাবশালী আলেমসহ আটক ২০ শিয়া

বাহরাইনে পাঁচ প্রভাবশালী আলেমসহ আটক ২০ শিয়া
বাহরাইনের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

প্রভাবশালী পাঁচ আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে আটক করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্যাপক দমন অভিযান বাড়িয়েছে উপসাগরীয় দেশটি। তারই অংশ হিসেবে এই ২০ শিয়া মতাদর্শীদের আটক করা হয়েছে। গত মাসের শুরু থেকে প্রায় ৫৩ জন শিয়া নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বুধবার (৩ জুন) বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে প্রভাবশালী আলেম সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক ও শেখ মাহমুদ তাহেরিকে আটক করে দেশটি পুলিশ।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আলজাজিরা জানিয়েছে, বাহরাইনে মে মাসের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৫৩ জন শিয়া নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বাহরাইনে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘আমেরিকানস ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’ (এডিএইচআরবি) সর্বশেষ আটকের ঘটনাটি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

এদিকে আল-আরাবিয়া জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের বিরুদ্ধে গুরুতর দেশদ্রোহিতার অভিযোগ এনেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তারকৃতরা ‘একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা’ করে আসছিল এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে তাদের ‘কার্যকরী সম্পর্ক’ রয়েছে।

এদিকে বাহরাইনের স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো সরকারের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমতকে দমন করতে মূলত ২০০৬ সালের কঠোর ‘সন্ত্রাসবিরোধী আইন’ ব্যবহার করছে।

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ বা সমালোচনাকে এই আইনের অধীনে ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হচ্ছে বলে অধিকার গোষ্ঠীগুলোর দাবি।