ইরানি হামলায় সমর্থনের দায়ে বাহরাইনে ১২ জনের কারাদণ্ড

ইরানের পক্ষ নিয়ে বাহরাইন রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলাকে সমর্থন, গুজব ছড়ানো ও সংবেদনশীল তথ্য ফাঁসের দায়ে ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের উচ্চ ফৌজদারি আদালত।
সোমবার (১৫ জুন) ১১টি পৃথক মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।
দেশটির পাবলিক প্রসিকিউশন বা সরকারি কৌঁসুলির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে উপসাগরীয় সংবাদমাধ্যম গালফ নিউজ।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বাহরাইনবিরোধী হামলাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ও তার প্রচার চালানো, রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ ও তা ছড়িয়ে দেওয়া, সংরক্ষিত বা নিষিদ্ধ এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।
সন্ত্রাসবাদ অপরাধ প্রসিকিউশনের প্রধান জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি কয়েকজন আসামিকে দুই হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপরাধের কাজে ব্যবহৃত ও জব্দকৃত সব সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, দেশটির সাইবার ক্রাইম ডিরেক্টরেটের একটি প্রতিবেদনের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। ওই প্রতিবেদনে এমন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছিল, যেগুলো থেকে পরিকল্পিতভাবে হামলার সমর্থনে ছবি, ভিডিও ও বিভিন্ন মন্তব্য প্রকাশ করা হচ্ছিল।
কর্তৃপক্ষ জানায়, ওই অ্যাকাউন্টগুলো থেকে জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মনোবল ভেঙে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংরক্ষিত এলাকার ফুটেজ ও ভুয়া তথ্য ছড়ানো হতো। পরবর্তীতে তদন্তকারীরা অ্যাকাউন্টগুলোর পরিচালকদের শনাক্ত করে ফৌজদারি তদন্ত শুরু করেন।
জিজ্ঞাসাবাদ ও সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি আসামিদের কাছ থেকে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসগুলো পরীক্ষার জন্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়। ফরেনসিক পরীক্ষায় ডিভাইসগুলোতে অপরাধের ডিজিটাল প্রমাণ পাওয়ায় মামলাটি উচ্চ ফৌজদারি আদালতে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে একাধিক অধিবেশনে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের আইন অনুযায়ী আসামিদের পক্ষে লড়তে আইনি পরামর্শক বা আইনজীবী নিয়োগসহ সব ধরনের প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও সুযোগ নিশ্চিত করা হয়েছিল।
