কিয়েভে ভয়াবহ রুশ হামলায় অন্তত দুজন নিহত, আহত ১৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো এই ভয়াবহ রুশ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিয়েভের মেয়র জানান, রাশিয়ার বিমান হামলার সময় দফায় দফায় বিস্ফোরণে ইউক্রেনের রাজধানীর বেশ কয়েকটি অঞ্চল কেঁপে ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওবোলোনস্কি জেলায় একটি জরুরি সহায়তা কলের প্রতিক্রিয়ায় কাজ করার সময় ধ্বংসাবশেষের আঘাতে চারজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বহির্বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই হামলায় কিয়েভের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পদিলস্কি জেলায় একটি ১৬ তলা ভবনের ষষ্ঠ তলায় রকেটের টুকরো আঘাত হানে।
কিয়েভের মেয়র ক্লিটস্কো আরও জানান, শহরের বিভিন্ন স্থানে ভবন এবং যানবাহনে আগুন ধরে যাওয়ায় জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
তবে রাশিয়া এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।