জর্ডানে নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে নিখোঁজ আরেক সেনার সন্ধানে পরিচালিত তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া অজ্ঞাত দেহাবশেষের পরিচয় শনাক্তে পরীক্ষা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সেন্টকমের এক বিবৃতির বরাতে এনবিসি নিউজ জানায়, নিহত দুজন টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা ১৯ বছর বয়সি প্রাইভেট ইসাবেলা গনজালেস ও হাওয়াইয়ের ইওয়া বিচের ২৫ বছর বয়সি ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান।
সেন্টকম জানিয়েছে, রোববার (১৯ জুলাই) ঘটনাস্থল থেকে উদ্ধার করা অজ্ঞাত দেহাবশেষটি নিখোঁজ সেনাসদস্যের কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা চলছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যমতে, নিহত দুই সেনাই ২০১৪ সালে শুরু হওয়া আইএসবিরোধী মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অধীনে দায়িত্ব পালন করছিলেন। তবে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’-র অংশ ছিলেন না।
শুক্রবার (১৬ জুলাই) জর্ডানে মার্কিন ও মিত্র বাহিনীর একটি ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরদিন উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি একমুখী (কামিকাজে) ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় আরও এক মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনায় আরেক সেনা সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে এ পর্যন্ত যুদ্ধে ১৫ জন এবং যুদ্ধবহির্ভূত ঘটনায় আরও দুজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৪০ জন সেনা। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর দেশটিতে অন্তত ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। এর ফলে সম্প্রতি কার্যকর হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।
.png)






