Advertisement

এবার মোদি সরকারের পতনের ডাক রাহুল গান্ধীর

এশিয়া পোস্ট ডেস্ক
এবার মোদি সরকারের পতনের ডাক রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ২১ জুলাই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই কেন্দ্র সরকারকে উৎখাতের জোরালো আহ্বান জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে।’

শনিবার (২৫ জুলাই) এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই কংগ্রেস নেতা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে একটি বড় পদক্ষেপ।’ এ সময় তিনি রাজপথে আন্দোলনরত অদম্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আংশিক জয় হিসেবে উল্লেখ করে রাহুল গান্ধী লেখেন, ‘এখনও দুটি দাবি অপূর্ণ রয়েছে। তা হলো শিক্ষার্থী ও ভারতের ভবিষ্যতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।’

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সমাজের অন্যান্য অংশ, যাদের এই সরকার ক্রমাগত দমন ও নিষ্পেষণ করে এসেছে (কৃষক, শ্রমিক, দরিদ্র) তাদের এখন সংবিধানসম্মত উপায়ে সাহসের সঙ্গে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার সময় এসেছে। এই সরকারকে উপড়ে ফেলার সময় এসেছে। ভয় পাবেন না!’

এদিকে পদত্যাগপত্রে সদ্য পদত্যাগ করা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেছেন যে, দেশের ঐক্য অটুট রাখা, শিক্ষার্থীদের যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের পড়াশোনা ও সুনির্দিষ্ট ভবিষ্যতের স্বার্থ বিবেচনা করেই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শুক্রবার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সরকার এক দিনের সময় চেয়ে নিয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস