৭ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল বিজেপি নেতার

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে নানক রাম ভূর্জি নামের এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় দারুলশাফা নতুন এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সের পেছনের একটি ৭ তলা ভবনের ওপরের তলা থেকে পড়ে গিয়ে তার এই মর্মান্তিক মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত নানক রাম ভূর্জির বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি রাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এমএলএ বাসভবনের দায়িত্বরত কর্মকর্তা প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। তিনি জানান, আইনপ্রণেতাদের ওই আবাসিক কমপ্লেক্সের পেছনের একটি ওপরের তলা থেকে এক ব্যক্তি নিচে পড়ে গেছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে সাবেক এই প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক হতাশায় (ডিপ্রেশন) ভুগছিলেন। ইদানীং তাকে প্রায়ই এমএলএ বাসভবন কমপ্লেক্সের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত।
ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর বিস্তারিত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)





