logo

ভোটের প্রচারণায় সড়কে নামল বিলুপ্তপ্রায় ট্রাম

ভোটের প্রচারণায় সড়কে নামল বিলুপ্তপ্রায় ট্রাম

‘ট্রাম নগরী’ কলকাতায় এবার দেখা গেল ব্যতিক্রমী চিত্র। প্রাচীন নগরী থেকে হারিয়ে যেতে বসা গ্রিন এনার্জির সস্তার পরিবহন ‘ট্রাম’ এবার অংশ নিচ্ছে নির্বাচনি প্রচারণায়। তবে কোনো নির্দিষ্ট দলের প্রচারে নয়। আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতা শহরের ভোটারদের উৎসাহী  ও সচেতন করতে এই উদ্যোগ নিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। 

শুক্রবার (২৭ মার্চ) মধ্য কলকাতার ধর্মতলা ট্রাম ডিপো থেকে একটি ট্রামকে নির্বাচনি পোস্টার ব্যানারে সুসজ্জিত করা হয়। পরে নির্বাচন কমিশনার ও কমিশনের অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে শহরে সচেতনতা সফরের জন্য ট্রাম্পটি উদ্বোধন করা হয়। প্রথম দিনেই ট্রামের আরোহী হন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

জানা গেছে, ভোটার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত এই গ্রামেই যাত্রী পরিবহন চলবে। পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল।

ছবি: ভিডিও থেকে নেওয়া

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল বলেন, কলকাতা শহরে ভোটের হার অত্যন্ত কম। কিন্তু এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফলে এবার ভোটের হার অনেকটাই বাড়বে। তার দাবি, এতদিন পর্যন্ত সেই অর্থে কলকাতা শহরের মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কোনো সচেতনতা গড়ে তোলা হয়নি। ফলে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য কখনই সাধন হয়নি। 

প্রসঙ্গত, ২০০২ সালের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর) হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় বাদ পড়েছে প্রায় ৬০ লাখ ভোটার। এতে নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ জনগণ।

বিধানসভা নির্বাচনে তালিকা থেকে বাদ পড়া কতজন ব্যক্তি ভোট দিতে পারবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের এই ভোটার সচেতনতা প্রচারের এই সাধু উদ্যোগ আদতে বাস্তবে কতটা রূপ নেবে।