logo

ইরানে যে কোনো মুহূর্তে হামলা করতে প্রস্তুত ইসরায়েল: আইডিএফ

ইরানে যে কোনো মুহূর্তে হামলা করতে প্রস্তুত ইসরায়েল: আইডিএফ
ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি: আজেল

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যে কোনো মুহূর্তে এককভাবে পূর্ণ শক্তি নিয়ে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এ কথা জানিয়েছেন। তার দাবি, ইরান এখনও ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে রয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকেও তেহরান সরে আসেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর বরাতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রচারিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। আইডিএফ মুখপাত্রের প্রকাশ্য এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে যে, তবে কি ইসরায়েল এবার সত্যিই ইরানের সম্ভাব্য হামলার কাউন্টডাউন শুরু করেছে।

Advertisement

আইডিএফের মুখপাত্র জানান, তারা ইরানের কর্মকাণ্ডের ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। প্রয়োজন হলে এককভাবে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত ইসরায়েলি বাহিনী। ডেফরিন বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমেরিকানদের সহায়তা ছাড়াই, এমনকি নিজেদের উদ্যোগে যে কোনো মুহূর্তে পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য জারি করা জরুরি নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে তার দাবি, ইরানের শাসকগোষ্ঠী ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি এবং সে লক্ষ্য অর্জনে কাজ চালিয়ে যাচ্ছে।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জেরুজালেম ও ওয়াশিংটন প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একজন সরকারি মন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তাদের সতর্কবার্তার পর বৈঠকটি ডাকা হয়েছে। তাদের আশঙ্কা, ইরান ইসরায়েলের বিরুদ্ধে আকস্মিক হামলা চালাতে পারে।

গত ২৪ নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেন, চলতি বছরের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর তেহরান সামরিক সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি রাসায়নিক অস্ত্র তৈরির কাজও করছে।

এদিকে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় বাড়াচ্ছে এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মেরামত করছে বলে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর অনুমোদন দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু।

ইরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান চলতি মাসের শুরুতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেন। ওই সফরে তিনি ইরানের রাসায়নিক অস্ত্র কর্মসূচি নিয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন বলে অ্যাক্সিওসের বরাতে জানা গেছে।

নতুন করে সংঘাত শুরুর সম্ভাবনা ইসরায়েলের রাজনৈতিক মহলেও বিতর্ক তৈরি করেছে। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান দাবি করেছেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে নেতানিয়াহুর কোনো নতুন সামরিক অভিযান শুরু করা উচিত হবে না।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট