২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ই-স্বাক্ষরের প্রস্তুতি পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। এই চুক্তিতে ডিজিটাল পদ্ধতিতে বা ইলেকট্রনিক স্বাক্ষরের (ই-স্বাক্ষর) প্রস্তুতি নিচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের এই সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাকিস্তান চুক্তি-পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রাখছে।
শেহবাজ শরিফ তার পোস্টে উল্লেখ করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াশিংটন-তেহরানের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তির ‘ইলেকট্রনিক স্বাক্ষর’ অনুষ্ঠিত হবে। এরপর চুক্তিটির বিভিন্ন খুঁটিনাটি ও শর্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের (টেকনিক্যাল লেভেল) আলোচনা শুরু হবে।
এই ঐতিহাসিক আলোচনার সফল পরিণতিতে পৌঁছানোর জন্য এবং আলোচনার পুরো সময়জুড়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখায় যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা বিভিন্নভাবে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক্স পোস্টের শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে আশা করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি বিশ্বরাজনীতিতে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’
সূত্র: আলজাজিরা
