logo

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। বিপ্লবী গার্ডের এখন আর কোনো সদরদপ্তর নেই।

মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, গত ৪৭ বছরে ইরানের বিপ্লবী গার্ড এক হাজারেরও বেশি আমেরিকানকে হত্যা করেছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ আকারের হামলা ‘সাপের মাথা কেটে ফেলেছে’।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যার মধ্যে রয়েছে ইরানের কমান্ড সেন্টার, বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার এবং তাদের অ্যারোস্পেস বাহিনীর হেডকোয়ার্টার।

এর আগে ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠার দাবি করে ইসরায়েলি বিমানবাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ)।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে প্রায় ১২০০টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। ট্রাম্প বলেন, তারা (ইরান) কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।